‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

প্রস্তাবিত জাতীয় বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির কারণেই বিরোধী দল বাজেটের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের অযৌক্তিক সমালোচনায় সরকার গুরুত্ব দিচ্ছে না। বরং সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের অনাবাদি ও জলাবদ্ধ জমিকে চাষাবাদের উপযোগী করে তুলতে কাজ করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ মানুষের স্বার্থরক্ষা এবং কৃষির উন্নয়নই আমাদের অগ্রাধিকার।”

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিকল্প নেই। দরিদ্র কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। একইসঙ্গে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান জনগণের প্রতি।

পথসভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙনরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। তিনি নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের উচ্ছেদের আগে পুনর্বাসন কিংবা খাসজমি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।

এর আগে সকালে নিজের হাতে মাটি কেটে বাবার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও তাকে একনজর দেখতে খালপাড়ে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top