শিগগিরই জামায়াতের পতন হবে, ঘণ্টা বেজে গেছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতের পতন খুব শিগগিরই ঘটবে এবং এর জন্য দলটির নেতাকর্মীরাই দায়ী থাকবেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে যৌক্তিক সমালোচনা করলেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও গালিগালাজের শিকার হতে হয়। এ দাবির পক্ষে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন।

রাশেদ খান বলেন, কিছু মানুষ মনে করে ব্যক্তিগত আক্রমণ ও গালিগালাজের মাধ্যমে তাকে চুপ করিয়ে দেওয়া যাবে। তবে এসব সমালোচনা বা আক্রমণে তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলেও জানান।

পোস্টে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিরোধী দল হিসেবে জামায়াতের দুর্বলতা ইতোমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে এবং সংসদীয় কার্যক্রমে দলটির সীমাবদ্ধতা দৃশ্যমান হচ্ছে।

রাশেদ খান আরও বলেন, “আমরা অতীতে সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্ন কিছু ঘটবে। বিরোধী দল হিসেবেও একটি দলের পতনের উদাহরণ তৈরি হতে পারে।” তার মতে, সংসদে যত বেশি বক্তব্য ও কার্যক্রমে অংশ নেবে, ততই দলটির ভুল ও অযোগ্যতা সামনে চলে আসবে।

পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটের মুখে রয়েছে এবং তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ডই এ পরিস্থিতির জন্য দায়ী হবে।

তবে রাশেদ খানের এ বক্তব্যের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top