আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে: ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে ‘কালো জাদু’র দাবি করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন এক ভবিষ্যদ্বাণী করে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

বিশ্বকাপে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ চলাকালে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায় বোন্সামকে। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন, যার ফলে ওই ম্যাচে কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলের দেখা পাননি ইংলিশ অধিনায়ক। এমনকি প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি এবং ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এরপর থেকেই বোন্সামের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দেই হবে সেই দল, যারা বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে। তবে এই ম্যাচে তিনি কোনো ধরনের ‘কালো জাদু’ ব্যবহার করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচ। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে এটিই হবে আফ্রিকার দেশটির সবচেয়ে বড় পরীক্ষা।

অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। এছাড়া উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। দুর্দান্ত রক্ষণভাগ, শৃঙ্খলাপূর্ণ দলীয় পারফরম্যান্স এবং গোলকিপারের নৈপুণ্যের কারণে ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম চমক হিসেবে বিবেচিত হচ্ছে কেপ ভার্দে। এখন দেখার বিষয়, ঘানার এই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা সত্যি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top