গত শুক্রবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর সঙ্গে যুক্ত হয় উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা তথা চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ।
এই দুই ঘটনার জেরে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পালন করছেন থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার।
দায়িত্বে থাকা পরিদর্শক হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছেন, তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানেন না। এদিকে বটতলা এলাকার মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি। এ মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আর অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
তবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হলেও তা এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

