জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে একই দিন সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে একটি স্বাগত প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে অনুষ্ঠিত এই প্রাতরাশ ছিল ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিবের আয়োজন। অনুষ্ঠানে গুতেরেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে মিছিল ও স্লোগানে জড়ো হন বিএনপি নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সফরসঙ্গী দলে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top