চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ঋণের পাশাপাশি অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্বাচিত উদ্যোক্তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জামানত ছাড়াই এই অর্থ পাওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মসূচিতে দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা বাছাই করার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রম শুরু হয়। পরবর্তী ধাপে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এই ধাপে আবেদন করার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত।
কর্মসূচির আওতায় নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে ঋণের একটি অংশ পরিশোধ করার পর বাকি অর্থ অনুদান হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০ লাখ টাকার ঋণের অর্ধেক অর্থাৎ ১০ লাখ টাকা পরিশোধ করতে পারলে অবশিষ্ট ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
কারা আবেদন করতে পারবেন
এই কর্মসূচির আওতায় আবেদনকারীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজের ব্যবসায়িক উদ্যোগ বা নতুন ব্যবসা শুরুর বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। প্রস্তাবিত ব্যবসার ধরন, অর্থের প্রয়োজনীয়তা এবং কীভাবে ব্যবসাটি পরিচালনা করা হবে এসব বিষয়ও আবেদনে যথাযথভাবে তুলে ধরতে হবে।
আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কার্যক্রমের জন্য ঋণ নেওয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি এই কর্মসূচির আওতায় বিবেচিত হবেন না। একইভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি ব্যক্তি আবেদন করার যোগ্য নন। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও এ অর্থায়নের জন্য বিবেচিত হবেন না।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে প্রথমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের সুযোগ রয়েছে। আবেদনকারী যে ব্যাংকে আবেদন করবেন, সেখানে আগে থেকেই ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়।
ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তার সঙ্গে নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, উদ্যোক্তা বা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ থাকলে তার কপি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের দেওয়া নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র দিতে হবে। স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবেও নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
আবেদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। কী ধরনের ব্যবসা করা হবে, প্রাথমিক বিনিয়োগ কত, পণ্য বা সেবার বাজার চাহিদা, সম্ভাব্য আয়-ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে এসব বিষয় পরিকল্পনায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রস্তাবিত উদ্যোগের মাধ্যমে কতজনের কর্মসংস্থান হতে পারে, সেটিও তুলে ধরতে হবে।
আবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। উপজেলা পর্যায়ের আবেদন সংশ্লিষ্ট লিড ব্যাংক এবং জেলা পর্যায়ের নির্ধারিত লিড ব্যাংকের মাধ্যমে সমন্বয় করা হবে। উদ্যোক্তার ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাবনা ও সক্ষমতা বিবেচনা করে পরবর্তী ধাপে নির্বাচন করা হবে। নির্বাচিত হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ঋণ নিশ্চিত নয়; চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে অর্থের সুযোগ তৈরি করা এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। ইতিমধ্যে প্রথম ধাপের কয়েকটি উপজেলায় বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

