কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। জেলা প্রশাসক সোহানা নাসরিন শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এসব অর্থের গণনা শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। গণনার সময় নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। ওই অর্থ রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা দেওয়া হয়। একই সময় পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
গত ১২ অক্টোবর ট্রেজারিতে সংরক্ষিত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়। এতে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।
পাগলা মসজিদের তহবিলের অর্থ থেকে মসজিদ কমপ্লেক্সের মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের খরচ, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। তহবিলের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়।
এদিকে এবার দানবাক্সে পাওয়া ৫১ বস্তা টাকা আগের দফার তুলনায় বেশি হওয়ায় দানের পরিমাণ নতুন রেকর্ড গড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে পুরো টাকা গণনা শেষ হওয়ার পরই এবার মোট কত টাকা পাওয়া গেছে, তা নিশ্চিত হওয়া যাবে।

