যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থীদের অবস্থান সীমাবদ্ধ করার ভিসা নীতি স্থগিত করে দিয়েছেন। বসটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এফ ডেনিস সেলর সোমবার এই নীতির বাস্তবায়ন রোধ করার নির্দেশ দেন, যার ফলে মঙ্গলবার কার্যকর হওয়ার জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যাহত হয়।
ট্রাম্প প্রশাসন যে ভিসা নীতি প্রণয়ন করেছিল তাতে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে চার বছরের বেশি থাকার অনুমতি দেওয়া হবে না। বিদেশি সাংবাদিকদের জন্য সর্বোচ্চ ২৪০ দিনের ভিসা দেওয়া হবে, তবে তারা অতিরিক্ত ২৪০ দিনের বর্ধিত থাকার জন্য আবেদন করতে পারবেন। এফ ভিসায় থাকা প্রায় ১৬ লাখ বিদেশি শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসা (জে ভিসা) ধারী প্রায় ৫ লাখ ব্যক্তি এই নীতির আওতায় পড়তেন।
বিচারক সেলর তার রায়ে উল্লেখ করেন যে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষাবিদ যুগান্তকারী গবেষণা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি মনে করেন এই নীতি কার্যকর হলে উচ্চশিক্ষা এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব পড়বে। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা এবং ভিসা প্রোগ্রামে জালিয়াতি প্রতিরোধের কথা বলে যে যুক্তি উপস্থাপন করেছিল, বিচারক তা অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেন।
এই নীতির বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন এবং উচ্চশিক্ষা সংক্রান্ত সংগঠনগুলোর জোট আদালতে মামলা করেছিল। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নিয়োগকৃত বিচারক সেলর এই মামলায় স্থগিতকারী আদেশ প্রদান করেন।
এদিকে ট্রাম্প প্রশাসনের অন্য একটি নীতি পাবলিক চার্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে মামলা দাখিল করেছে। ম্যানহাটনের ফেডারেল আদালতেও এই নিয়ে দুটি মামলা রয়েছে। পাবলিক চার্জ নীতি আগামী শুক্রবার কার্যকর হওয়ার কথা রয়েছে।

