এইচএসসি পাস হলেই মিলবে চাকরি

কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ৪৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে এসব নিয়োগ দেওয়া হবে। তবে এ নিয়োগে শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির গ্রেড ১৬ এবং বেতন স্কেল ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা। চাকরিটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এতে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে হলে স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্তত দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ নিয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতাও নির্ধারণ করা হয়েছে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে অন্তত ২০টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স ও আবেদনের সময়

আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য বিবেচনা করা হবে। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

নিয়োগের আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ৯টায়। আবেদন করা যাবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায় পৌঁছাতে হবে। সরাসরি কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠানোর সুযোগ নেই।

আবেদনকারীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে হাতে লিখে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্র কুষ্টিয়া জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। খামের ওপর পদের নাম এবং বিশেষ কোনো কোটা থাকলে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি খামের বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদন ফি

আবেদন করতে ১০০ টাকা ফি দিতে হবে। নির্ধারিত তফসিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক, কুষ্টিয়ার অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদন ফি ফেরতযোগ্য নয়। পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দেওয়ার সুযোগও নেই।

নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। চাকরির নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র কুষ্টিয়া জেলা প্রশাসকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top