ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শুক্রবার সকালে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় রাস্তার পাশের জমিতে উল্টে যায় পুলিশের গাড়িটি।
নবীনগর সার্কেলের এএসপি পিয়াস বসাক জানান, ‘অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সম্মান জানাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একদল পুলিশ সদস্য যাত্রা শুরু করেন। দড়িভেলানগরে পৌঁছানোর পর হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কপার্শ্বে খাদে পতিত হয়।‘
দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের অবস্থা গুরুতর। এ ছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম হালকা আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর প্রতিমন্ত্রী সাকি স্বয়ং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের শুশ্রূষা ও চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন নিশ্চিত করে বলেন, ‘দড়িভেলানগরে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে আটজন সদস্য আহত হন।‘ তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শিগগিরই উল্টে যাওয়া গাড়িটি উদ্ধার করা হবে বলে তিনি জানান।

