বাংলাদেশের মতো দলের কাছে হারলে গুনতে হবে জরিমানা, জিতলে বোনাস নেই

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক অদ্ভুত নিয়ম চালু করতে যাচ্ছে। ম্যাচ হারলে ক্রিকেটারদের গুনতে হবে জরিমানা। এছাড়া জেতার জন্য পাওয়া বোনাসও কমানো হচ্ছে। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এসএলসি কয়েকদিনের মধ্যেই এই প্রস্তাবগুলো ক্রিকেটারদের জানাবে।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, র‍্যাংকিংয়ের সেরা ৯ দলের বিপক্ষে জিতলেই ক্রিকেটাররা বোনাস পেতেন। তবে এখন সেই নীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বোর্ড। নতুন প্রস্তাব অনুযায়ী, বোনাস পেতে হলে শ্রীলঙ্কাকে শীর্ষ ৪ দলের বিপক্ষে জয় পেতে হবে। শুধু একটি ম্যাচ জিতলেই হবে না, অতিরিক্ত অর্থ পেতে হলে জিততে হবে সিরিজ।

বোনাস মোটা অঙ্কের হবে নাকি অল্প সেটা নির্ভর করবে ভেন্যুর উপর। নিজেদের মাঠে শীর্ষ চার দলের বিপক্ষে সিরিজ জিততে পারলে বোনাসের অঙ্ক তুলনামূলক কম হবে। বড় অঙ্কের প্রণোদনা পেতে হলে প্রতিপক্ষকে তাদের মাঠেই হারাতে হবে।

বর্তমানে টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ, আর টি-টোয়েন্টিতে তারা আছে অষ্টম স্থানে। অন্যদিকে, বাংলাদেশ তিন সংস্করণেই নবম স্থানে অবস্থান করছে। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার ক্রিকেটাররা কোনো বোনাস পাবেন না। একই নিয়ম প্রযোজ্য র‌্যাংকিংয়ের পাঁচ থেকে আট নম্বর দলগুলোর ক্ষেত্রেও। তবে যেকোনো দলের বিপক্ষে হারলে জরিমানার মুখে পড়তে হবে লঙ্কানদের।

টেস্ট সিরিজে র‌্যাংকিংয়ের শীর্ষ দলকে তাদের মাঠে হারাতে পারলে ১ লাখ ৫০ হাজার ডলার বোনাস মিলবে। দ্বিতীয় স্থানের দলকে হারালে পাওয়া যাবে ১ লাখ ডলার, তৃতীয় দলকে হারালে ৭৫ হাজার ডলার এবং চতুর্থ দলকে হারালে ৬০ হাজার ডলার। তবে একই দলগুলোকে ঘরের মাঠে হারালে বোনাসের অঙ্ক কমে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার, ৫০ হাজার এবং ২৫ হাজার ডলারে নেমে আসবে।

ওয়ানডে সংস্করণেও ভিন্ন ভিন্ন হারে বোনাস নির্ধারণ করা হয়েছে। শীর্ষ দলের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জিতলে মিলবে ১ লাখ ৫০ হাজার ডলার, আর ঘরের মাঠে জিতলে ৭৫ হাজার। দ্বিতীয় দলের ক্ষেত্রে অ্যাওয়েতে ১ লাখ এবং হোমে ৫০ হাজার ডলার দেওয়া হবে। তৃতীয় দলকে হারালে অ্যাওয়েতে ৮০ হাজার ও হোমে ৪০ হাজার ডলার, আর চতুর্থ দলের বিপক্ষে অ্যাওয়েতে ৭০ হাজার ও হোমে ৩৫ হাজার ডলার বোনাস নির্ধারণ করা হয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বোনাস কাঠামো তুলনামূলক সহজ রাখা হয়েছে। এখানে হোম বা অ্যাওয়ে ভেদে কোনো পার্থক্য নেই। সিরিজ জিতলেই একই অঙ্কের বোনাস দেওয়া হবে। এই পরিমাণটি ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের বোনাসের সমান ধরা হয়েছে।

শুধু বোনাস নয়, ম্যাচ ফি নিয়েও নতুন নিয়ম আনছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্টে জয় পেলে একজন খেলোয়াড় পাবেন ১৫ হাজার ডলার, ড্র হলে ১০ হাজার এবং হারলে ৭ হাজার ৫০০ ডলার। ওয়ানডেতে জয়ের জন্য ৭ হাজার ৫০০ ডলার, পরাজয়ে ৩ হাজার ৫০০ এবং ম্যাচ পরিত্যক্ত বা ফল না এলে ৩ হাজার ডলার দেওয়া হবে। টি-টোয়েন্টিতে জয়ের জন্য নির্ধারিত হয়েছে ৫ হাজার ডলার, হারে ২ হাজার ৫০০ এবং ফল না এলে ২ হাজার ডলার।

এ ছাড়া শুধু জয়ের লক্ষ্যই নয়, আবহাওয়াও বড় ভূমিকা রাখবে। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে আয়েও প্রভাব পড়তে পারে। অন্যদিকে ব্যক্তিগত অর্জনের জন্যও প্রণোদনা রাখা হয়েছে। কোনো ক্রিকেটার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলে এককালীন ২৫ হাজার ডলার পুরস্কার পাবেন। আর শীর্ষ পাঁচের অন্য যেকোনো অবস্থানে থাকলে মিলবে ২০ হাজার ডলার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top