বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। শনিবার (১৬ মে) রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে…তাহলে আপনার সরকারের সময়ে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, পুলিশ কী করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না। সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে সরকার, ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না।’ নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে পারেনি সরকার।
ভারতের সঙ্গে পানি বণ্টন ও সীমান্ত ইস্যুতেও সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নদীগুলোতে ভারত বাঁধ নির্মাণ করে দেশের ন্যায্য পানির হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করছে। সীমান্ত নিরাপত্তা ও পানির অধিকার রক্ষায় প্রয়োজন হলে আন্দোলন ও লংমার্চ কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

