মুরব্বিদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়িগাড়ি নেই: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেশের রাজনৈতিক বৈষম্য, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে আজ সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সাধারণ মানুষ যেখানে দেশের হাসপাতালেই চিকিৎসা নিতে বাধ্য হন, সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তি বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেন। একইভাবে সাধারণ মানুষের সন্তানরা দেশে পড়াশোনা করলেও ক্ষমতাবানদের সন্তানরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি মন্তব্য করেন, “কানাডার বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, কিন্তু অনেক মুরব্বির বাড়িঘর সেখানে রয়েছে।” তার বলেন, এই বৈষম্যমূলক বাস্তবতা থেকে দেশকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও আন্তর্জাতিক মানের না হলে মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়া বন্ধ করা সম্ভব হবে না। আগামী জাতীয় বাজেটে শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতে মেধাবীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এই তরুণ সংসদ সদস্য। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে হবে না; বরং রাজনৈতিক সংস্কৃতিই এমন পরিস্থিতির জন্ম দিয়েছে। তার ভাষায়, অনেক সময় রাজনৈতিক নেতাদের প্রভাবের কারণেই প্রশাসন বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার হয়। তাই পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদিন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা রবীন্দ্র নাথ সাহা, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ এবং মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে “চলো কুমিল্লা, গড়ি নতুন বাংলাদেশ” শিরোনামে তিন দিনের বিশেষ পদযাত্রা কর্মসূচি চলছে। প্রথম দিনে মেঘনা, হোমনা, তিতাস ও চান্দিনায় কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দিনে চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়। একদিন বিরতির পর বুধবার লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top