বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের অসুস্থতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিনেত্রী ও ঢাকা-৮ এর সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম দাবি করেছেন, মির্জা আব্বাসের কোনো অঘটন ঘটলে তার জন্য অনেকাংশে দায়ী হবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর “অনিয়ন্ত্রিত বক্তব্য”।
শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মেঘনা আলম বলেন, মির্জা আব্বাস একজন ভদ্র ও মার্জিত মানুষ হিসেবে তার কাছে পরিচিত। অতীতে একটি নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন মির্জা আব্বাস তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছিলেন। এতে তিনি তার ব্যক্তিত্ব সম্পর্কে ভালো ধারণা পেয়েছিলেন।
ফেসবুক পোস্টে মেঘনা আলম আরও জানান, একসময় মির্জা আব্বাস নিজেই তাকে বলেছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তখন তিনি তাকে সাহস জুগিয়ে বলেন, জনপ্রিয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা সময় মিথ্যা মামলা দেওয়া হয়ে থাকে এবং এসব কারণে ভেঙে পড়ার কিছু নেই।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে মন্তব্য করার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলমের মতে, সন্তানের বিষয়টি যে কোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই এমন মন্তব্য করা উচিত হয়নি এবং এটি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিয়েছে।
তিনি বলেন, একজন প্রবীণ ও সিনিয়র রাজনৈতিক নেতার বিষয়ে কথা বলার সময় আরও সংযত হওয়া দরকার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে মেঘনা আলম আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন। তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা বড় কারণ হিসেবে বিবেচিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

