“রোনালদোর জন‍্য কোন বিশেষ পরিকল্পনা ছিল না, তিনি আগের মতো নেই”

বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ড্র করার পর ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ডিআর কঙ্গোর মিডফিল্ডার এনগাল’আইয়েল মুকাউ। পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেও তিনি মনে করেন, বয়সের কারণে রোনালদো আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারেন না।

চলমান বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে খেলতে নেমেছেন রোনালদো। পর্তুগাল অধিনায়কের বয়স এখন ৪১ বছর ১২৩ দিন। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে পুরো সময় মাঠে থাকলেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ম্যাচে মাত্র ২৬ বার বল স্পর্শ করেন এবং গোলের উদ্দেশ্যে তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি।

এর ফলে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলহীন রয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে মুকাউ জানান, রোনালদোকে ঠেকাতে তাদের কোনো বিশেষ পরিকল্পনা ছিল না।

তিনি বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য আলাদা কোনো পরিকল্পনা ছিল কি না? সত্যি বলতে, না। আমরা জানি তিনি এখন আর আগের সেই খেলোয়াড় নন। তার বয়স হয়েছে। তবে তিনি এখনও বিশ্বের সেরাদের একজন এবং আমি তাকে অনেক শ্রদ্ধা করি।”

রোনালদোর বয়স ও অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মুকাউ আরও বলেন, “যখন আপনি এই বয়সে পৌঁছাবেন, তখন সবকিছু আগের মতো থাকবে না। আপনি আগের মতো সবকিছু করতে পারবেন না। তারপরও তার অর্জনের জন্য আমি তাকে গভীরভাবে সম্মান করি।”

ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে পড়েছে পর্তুগাল। আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। অন্যদিকে পরদিন সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিআর কঙ্গো। দুই দলের জন্যই পরবর্তী ম্যাচগুলো গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top