মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলমান মাদক-সন্ত্রাসবাদের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস, যিনি ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে পরিচিত। এর আগে হুগো চাভেজের আমলে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি। ধারণা করা হচ্ছে, নিজের শাস্তি কমানোর বিনিময়ে তিনি মাদুরোর বিরুদ্ধে তথ্য দিতে প্রস্তুত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, তার সাক্ষ্য মাদুরোর বিরুদ্ধে চলমান মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ, তিনি দীর্ঘদিন ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অবস্থান করেছেন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরের নানা তথ্য সম্পর্কে অবগত।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এক অভিযানে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

কারভাহাল ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে ইচ্ছুক। এই চিঠির একটি অনুলিপি তার আইনজীবীর মাধ্যমে প্রকাশ করেছে সিএনএন।

চিঠিতে হুগো কারভাহাল ব্যারিওস উল্লেখ করেন, অতীতের কর্মকাণ্ডের জন্য তিনি অনুশোচনা প্রকাশ করতে চান। তিনি আরও দাবি করেন, মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছেন এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রে মাদক ও গুপ্তচর প্রবেশ করানোর পরিকল্পনা করেছিলেন। তার এই অভিযোগগুলো আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ বলে জানিয়েছে সিএনএন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক গোয়েন্দা প্রধানের সাক্ষ্য যদি আদালতে গ্রহণযোগ্য হয়, তাহলে মামলার মোড় ঘুরে যেতে পারে। একই সঙ্গে এটি লাতিন আমেরিকার রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top