পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও গবাদিপশু বাণিজ্য ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখন আর শুধু ধর্মীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক জটিল অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটে। বাংলার ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন এক বাস্তবতা দেখা যাচ্ছে, যেখানে মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানি বর্জনের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে বহু হিন্দু খামারি ও ব্যবসায়ী গরুর বাজার সচল রাখতে মরিয়া হয়ে উঠেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। কোথাও দেখা যাচ্ছে মুসলিম যুবকেরা গরু বোঝাই ট্রাক থামিয়ে চালকদের প্রশ্ন করছেন কেন “নিজের মাকে কেন বিক্রি করতে চাইছেন? তাকে বাড়ি নিয়ে সেবা করুন। আপনারা গরু বিক্রি করে টাকা কামাবেন, আর আমরা জেলে যাব।” আবার কোথাও হিন্দু গরু ব্যবসায়ীদের গরু বিক্রি না করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ভিডিওগুলোতে ধর্মীয় আবেগ, রাজনৈতিক প্রতিবাদ এবং ব্যঙ্গর মিশ্রণ দেখা যাচ্ছে।

এই অস্বাভাবিক পরিস্থিতির সূচনা হয় গত ১৩ মে, যখন পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার ১৯৫০ সালের ‘পশ্চিমবঙ্গ গবাদিপশু জবাই নিয়ন্ত্রণ আইন’ কঠোরভাবে কার্যকরের ঘোষণা দেয়। নতুন নির্দেশনায় বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা কর্মক্ষম গবাদিপশু জবাই করা যাবে না। জবাই করতে হলে পশুচিকিৎসকের সনদ প্রয়োজন হবে এবং তা কেবল অনুমোদিত কসাইখানায় করা যাবে। আইন ভঙ্গ করলে জেল ও জরিমানার বিধানও রাখা হয়েছে।

সরকারের দাবি, এটি নতুন কোনো আইন নয়; বরং বহু পুরোনো আইনের বাস্তবায়ন। তবে সমালোচকদের মতে, হঠাৎ করে এই আইন কঠোরভাবে কার্যকর করায় পুরো গবাদিপশু অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে প্রতি বছর হাজার কোটি টাকার গরু বাণিজ্য হয়। বহু হিন্দু খামারি সারা বছর গরু লালন-পালন করে ঈদের মৌসুমে তা বিক্রি করেন। কিন্তু এবার হাটগুলো প্রায় ফাঁকা। মুসলিম ক্রেতাদের বড় একটি অংশ গরু কেনা থেকে বিরত থাকছেন। ফলে খামারিরা ভয়াবহ আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।

নদিয়া জেলার খামারি সুরজিৎ ঘোষ বলেন, “একটি গরু সাত-আট বছর পর দুধ দেওয়া বন্ধ করে দেয়। এখন যদি ১৪ বছর পর্যন্ত সেটাকে খাওয়াতে হয়, তাহলে আমরা দেউলিয়া হয়ে যাব।” তিনি জানান, তার প্রায় ১৫ লাখ টাকার বিনিয়োগ এখন ঝুঁকির মুখে।

আরেক খামারি বিশ্বজিৎ ঘোষ বলেন, “অনেকে গয়না বন্ধক রেখে বা সুদে ঋণ নিয়ে খামার করেছে। এখন গরু বিক্রি না হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, একটি অনুৎপাদনশীল গরু বাঁচিয়ে রাখতে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত খরচ হয়। অর্থাৎ একটি গরু দুধ দেওয়া বন্ধ করার পর আরও ছয়-সাত বছর পালন করা অধিকাংশ ছোট ও মাঝারি কৃষকের পক্ষে প্রায় অসম্ভব।

এই সংকটের প্রভাব কেবল গরুর বাজারেই সীমাবদ্ধ নয়। পশুখাদ্য ব্যবসায়ী, পশুচিকিৎসা ওষুধ সরবরাহকারী, পরিবহন শ্রমিক, কসাই, চামড়া শিল্প, এমনকি ছোট রেস্তোরাঁ ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে এটি পশ্চিমবঙ্গের পুরো গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়ছে। বিজেপি নেতারা বলছেন, তারা শুধু আইনের শাসন প্রতিষ্ঠা করছেন। অন্যদিকে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো অভিযোগ করছে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে বাস্তবে সাধারণ মানুষের জীবিকা ধ্বংস করা হচ্ছে।

আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে ঈদের সময় ধর্মীয় প্রয়োজনে বিশেষ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বামপন্থী সংগঠন ও অধিকারকর্মীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠেছে। কেউ এটিকে “উনো রিভার্স” মুহূর্ত বলছেন। আবার অনেকে বলছেন, এটি কেবল ধর্মীয় রাজনীতির ফল নয়; বরং বহু বছর ধরে জমে থাকা সামাজিক অবিশ্বাস ও রাজনৈতিক মেরুকরণের বহিঃপ্রকাশ।

বিশ্লেষকদের মতে, যদি এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয়, তবে পশ্চিমবঙ্গে দুধ উৎপাদন, মাংস বাজার এবং গ্রামীণ ঋণব্যবস্থার ওপরও বড় ধাক্কা লাগতে পারে। একই সঙ্গে মুসলিম সমাজে গরুর মাংস বর্জনের প্রবণতা বাড়লে মুরগি, খাসি ও মাছের বাজারেও চাপ তৈরি হতে পারে।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের গরু সংকট এখন আর শুধুমাত্র কোরবানির প্রশ্ন নয়। এটি হয়ে উঠেছে জীবিকা, কৃষি অর্থনীতি, সামাজিক সহাবস্থান এবং রাজনৈতিক ভবিষ্যতের এক জটিল পরীক্ষাক্ষেত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top