মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন শুরুতে সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হলেও দলীয় শিবিরে দেখা গেছে ভিন্ন আবহ। মাঠের পারফরম্যান্স নিয়ে আলোচনা চললেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে হাস্যরসের পরিবেশ।

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর সাংবাদিকরা ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে লুলা মজার ছলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে আনার কথা বলেন। সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়া মেসির প্রসঙ্গ টেনে তিনি হাসতে হাসতে বলেন, “আমি তো ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকেই চুক্তিবদ্ধ করব কি না!”

তবে রসিকতার আড়ালে নিজের দলের প্রতিও আস্থা রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার মতে, মরক্কো এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষগুলোর একটি। তাই প্রথম ম্যাচে ড্র করাকে তিনি বড় কোনো বিপর্যয় হিসেবে দেখছেন না।

লুলা বলেন, “অনেকে বলে, ব্রাজিলকে নিয়ে যখন সবচেয়ে বেশি সন্দেহ করা হয়, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কী হয়।”

এদিকে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে নেইমারকে ঘিরে। দীর্ঘদিনের চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা অবশেষে অনুশীলনে ফিরেছেন। গত মাসে কাফ মাসলে চোট পাওয়ার পর তার বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বুধবার দলের অনুশীলনে বল পায়ে দেখা যায় ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। অনুশীলনের পর সাংবাদিকদের দিকে তাকিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে নেইমার হাসতে হাসতে বলেন, “কী হে, আমাকে খুব মিস করছিলে নাকি?”

নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কোচিং স্টাফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top