তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত ৫০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিনা জামানতে এই অর্থায়নের উদ্যোগের কথা জানান তিনি।
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোও অনুমোদিত হয়েছে বলে জানান মাহদী আমিন, যেখানে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
ডিজিটাল অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের নাগালে স্মার্টফোন আনতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের কাজের সুবিধার্থে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে একটি আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান।
শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের একটি রূপরেখাও প্রণয়ন করা হয়েছে, আর শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করার উদ্যোগও নিয়েছে সরকার।

