ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি উদ্ভূত টানাপোড়েনের পর দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের আয়োজনে কাজ করছেন দুই দেশের কূটনৈতিক কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সফরটি নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন যে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি শর্ত যোগ করেছেন যে সফরটি শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থানের উপর নির্ভর করবে।
এদিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর সক্রিয়তা অব্যাহত রয়েছে। তিনি আগামী ২১ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে ২৪ সেপ্টেম্বর তিনি অধিবেশনে ভাষণ প্রদান করবেন বলে নির্ধারিত হয়েছে।

