‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ শীর্ষক এক মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এই কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’ গুমের ঘটনার সঠিক তদন্ত ও মানবাধিকার কমিশনের কার্যকর ভূমিকার পাশাপাশি সাইবার আইন যথাযথভাবে প্রণয়নের দাবিও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কুলষিত করছে– এমন আইন সংসদে পাস করছে সংসদে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম তা এখন প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন–পীড়ন শুরু হয়েছে।’ এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘ন্যাড়া বেলতলা একবার যায়, তারেক রহমান বারবার যায়।’
বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ এর সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচার হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

