রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদ্দেশে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে রওনা হয়েছিল একদল পর্যটক। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।
স্লোগানের বিষয়টি কানে যেতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাজেক যাওয়ার পথে তারা “জয় বাংলা”, “শেখ হাসিনা সরকার বারবার দরকার” এ ধরনের স্লোগান দিচ্ছিল। পেছনে থাকা এলাকার যাত্রীরা তা শুনে আমাদের জানান।’
আটক ছয়জন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।
ওসি তৌফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে আছেন এবং সন্ত্রাসী বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

