সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সীমার মধ্যে থাকা কোনো বিদ্যমান বেসরকারি হাসপাতালেও সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না বলে সংস্থাটির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর, যাতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।
আদেশে জানানো হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নং-০৩ এ গৃহীত সিদ্ধান্ত অনুসারে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
ওই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে। এই নির্দেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে।

