সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা ও আইনি জটিলতা এড়ানোর লক্ষ্যে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতার ওপর। ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো প্ল্যাটফর্মেই স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে, পাশাপাশি এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

কাগজপত্র সংক্রান্ত ঝুঁকি নিয়েও সতর্ক করেছে কনস্যুলেট। কোনো কাগজ সম্পূর্ণ না বুঝে তাতে স্বাক্ষর করা কিংবা সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, একই সঙ্গে নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ নিবন্ধন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দণ্ডনীয় হতে পারে এমন বেশ কিছু কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেছে কনস্যুলেট। এর মধ্যে রয়েছে এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি করা, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রি করার মতো কর্মকাণ্ড, যা থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রবাসীদের। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভন দেখিয়ে করা প্রতারণার ফাঁদ নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কনস্যুলেটের ভাষ্য, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top