রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগের পরিবর্তে সৌরবিদ্যুতে চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি ব্যাটারি স্থাপন করা হয়েছে। ব্যাটারির ব্যাকআপের মাধ্যমে সেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর মন্ত্রিসভার অন্য সদস্যদেরও সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে বিদ্যুৎমন্ত্রী জানান, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা মোট উৎপাদনের ২০ শতাংশ। এ লক্ষ্য বাস্তবায়নে নীতিমালা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট আইন সংসদে আনার কথাও জানান তিনি।
সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সরকারের আহ্বান করা দরপত্রে আট হাজারের বেশি সেবাদাতা আবেদন করেছেন বলেও সংসদে জানান মন্ত্রী। আরও বেশি উদ্যোক্তাকে সুযোগ দিতে আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তারাও রয়েছেন। ছোট উদ্যোক্তারা দুই থেকে চারটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করে ব্যবসা করতে পারবেন।
এ ছাড়া সরকারি দপ্তরগুলোতেও সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকায় কিনবে বলেও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর হিসাবে, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ আট টাকা খরচ হতে পারে। ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে উৎপাদনকারীরা প্রতি ইউনিটে দুই টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে বলে সংসদে তথ্য দেন তিনি।

