দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সেই অনুযায়ী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাই শেষে কমিটি নিশ্চিত করে যে, মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ সিদ্ধান্তের মাধ্যমে এবারের ঈদুল আজহার তারিখ চূড়ান্ত হলো।
ইসলামি নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হয়। এ ঈদ মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত। এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন এবং আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করেন।
ঈদকে সামনে রেখে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। প্রশাসনও নিরাপদ ও সুষ্ঠু ঈদ উদ্যাপন নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।

