বন্ধুর কাছে গালি শুনে ১৩৩ কেজি ওজন কমালেন শেফ

বন্ধুর প্রতিদিনের কটূক্তি অনেকের কাছে অসহ্য মনে হতে পারে। কিন্তু ব্রিটিশ শেফ জেমি ব্রুকসের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এক বন্ধুর প্রতিদিন মেসেজের মাধ্যমে পাঠানো কটূক্তির কারণে। অতিরিক্ত ওজনের কারণে যখন তার জীবনযাপন নিয়ে বন্ধুরা উদ্বিগ্ন, তখন বন্ধু নিল উইলিয়ামসন টানা ছয় সপ্তাহ ধরে প্রতিদিন মোবাইলে মেসেজ পাঠিয়ে তাকে মোটা বলে কটাক্ষ করতে থাকেন। এমনকি জেমি ৪০ বছর বয়স হওয়ার আগেই মারা যাবেন বলে জানান নিল। শেষ পর্যন্ত সেই কটূক্তিগুলোই জেমিকে ওজন কমানোর সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। এক বছরের মধ্যে তিনি প্রায় ১৩৩ কেজি ওজন কমিয়ে ফেলেন।

সোমারসেটে একটি পাবের প্রধান শেফ হিসেবে কাজ করতেন জেমি ব্রুকস। শেফ হিসেবে কাজ শুরু করার পর থেকেই তার ওজন বাড়তে থাকে। মাত্র ১৪ বছর বয়স থেকে তিনি রান্নাঘরে কাজ শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে অতিরিক্ত খাওয়ার অভ্যাস তৈরি হয়। বিশেষ করে রাতের খাবার হিসেবে নিয়মিত অস্বাস্থ্যকর vখাবার খাওয়া এবং চিনিযুক্ত এনার্জি ড্রিংক পান করা তার জীবনযাপনের অংশ হয়ে দাঁড়ায়।

একপর্যায়ে জেমির ওজন বেড়ে দাঁড়ায় প্রায় ২২৯ কেজির কাছাকাছি। তার অতিরিক্ত ওজন ও জীবনযাপন নিয়ে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, এভাবে চলতে থাকলে তার আয়ু কমে যেতে পারে। এরপর নিল জেমিকে ওজন কমানোর ব্যাপারে উৎসাহিত করতে অস্বাভাবিক এক কৌশল বেছে নেন। টানা ছয় সপ্তাহ ধরে তিনি জেমিকে নিয়মিত মেসেজ পাঠাতেন। সেই মেসেজগুলোতে তাকে মোটা বলে অপমানজনক ভাষায় সম্বোধন করতেন নিল। পাশাপাশি নিল তাকে সতর্ক করে বলেছিলেন, ৪০ বছর বয়স হওয়ার আগেই তার মৃত্যু হতে পারে। জেমির ভাষ্য অনুযায়ী, বন্ধুর এই আচরণ তাকে শেষ পর্যন্ত নিজের জীবনযাপন নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে বাধ্য করে।

প্রথমে অবশ্য এই পদ্ধতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসেনি। প্রায় ছয় সপ্তাহ ধরে এমন বার্তা পাওয়ার পর জেমি ওজন কমানোর সিদ্ধান্ত নেন। এরপর খাবারের অভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি ব্যায়াম ও জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনেন। ফলাফলও আসে দ্রুত। মাত্র ১২ মাসে তিনি প্রায় ১৩৩ কেজি ওজন কমিয়ে ফেলেন।

ওজন কমানোর পর তার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসে। নিজের প্রতিবেশী মেলানি মুলির সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। মাত্র এক বছরের ব্যবধানে ২২৯ কেজি ওজনের শেফ জেমি ব্রুকস নিজের শরীর, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন আনেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top