বিমানবন্দরে দুই কর্মীর জুতায় পাওয়া গেল ১৬ কোটি টাকার সোনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে০৫৮২ ফ্লাইটের দুই কর্মীকে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বিমানটি বিমানবন্দরের ২১ নম্বর গেটসংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অবস্থান করছিল।

তল্লাশির সময় ওই দুই কর্মীর পরিহিত জুতার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে বারগুলোর ওজন দাঁড়ায় প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত। তাদের নাম মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। স্বর্ণগুলো জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই চালানের সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল? এসব বিষয় খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম নেওয়া হচ্ছে।

এদিকে একই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক আরেকটি অভিযানে মালয়েশিয়ান এয়ারলাইনসের এক যাত্রীর শরীর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ওই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। ফলে একই দিনে বিমানবন্দরে পৃথক দুই অভিযানে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top